মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিদেশে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তাঁর এই মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন জুড়ী থানার কনস্টেবল আবদুস সবুর (৩৫), জান্নাতুল ফেরদৌস (১৫), সালাতুন বিবি (৫৫), শামীম (৩৫) ও জিসান আলী (১৮)। তাঁদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, আলী হোসেন প্রায় পাঁচ বছর সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করার পর বছরখানেক আগে দেশে ফেরেন। দেশে ফিরে বিয়ে করেন এবং সম্প্রতি তাঁর ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়। সংসারের আর্থিক উন্নতির লক্ষ্যে তিনি আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কাতারের ভিসা পান। ২০ জুলাই সিলেটের একটি হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়।
মেডিক্যাল শেষে তিনি বিয়ানীবাজারে বোনের বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে হাতলিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আলী হোসেন। তাঁকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই মাহমুদুল হক বলেন, ‘বিদেশ থেকে ফেরার পর আলী ভাইয়ের আয় কমে গিয়েছিল। ভালো আয়ের আশায় আবার কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।’
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে নয়টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।