প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ১৮:০৫ (সোমবার)
পানি কমছে সুরমা-কুশিয়ারার: তবে বন্যার শঙ্কা এখনো কাটেনি

সিলেট জেলার কুশিয়ারা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী তিন দিনের মধ্যে উন্নতির দিকে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ প্রকাশিত সংস্থাটির এক বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানির স্তর হ্রাস পেয়েছে। এই ধারা আগামী আরও তিন দিন অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এখনও পুরোপুরি স্বস্তির অবকাশ নেই। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দেশের অন্যান্য প্রধান নদ-নদীর পরিস্থিতিতেও কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। বুলেটিনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামী দুই দিন তা আরও হ্রাস পেতে পারে। পরবর্তী তিন দিন এসব নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিন তা একই অবস্থায় থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এছাড়া দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামগ্রিকভাবে দেশের নদ-নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে যেসব এলাকায় এখনও পানি বিপৎসীমার ওপরে রয়েছে, সেখানে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।