ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) লাখাই হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) েসৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে হাওরের বিভিন্ন স্থান থেকে ৭টি অবৈধ কোনা বেড়জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
পরে চিকনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, কোনা বেড়জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ জাল। এসব জালের মাধ্যমে মাছের পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মা মাছ পর্যন্ত নির্বিচারে নিধন করা হয়। ফলে হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের উৎপাদন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, ‘হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা মৎস্য দপ্তর হবিগঞ্জ ও উপজেলা মৎস্য দপ্তর, লাখাই জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ও নিষিদ্ধ উপায়ে মাছ আহরণের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।