প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ২১:০৮ (সোমবার)
নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ

ছবি: সংগৃহীত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘সংবাদপত্র সমাজের আয়না। সমাজের ভালো-মন্দ আমরা সংবাদ পত্রের মাধ্যমে জানতে পারি। বর্তমানে অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। তাই অনলাইন নিউজ পোর্টালগুলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমি আশা করি নাগরী নিউজ তার বর্তমান বস্তুনিষ্ঠতা ধরে রেখে দ্রুত পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেবে। এবারের ফিফা বিশ্বকাপে প্রতিদিন নাগরী নিউজ ম্যাচ প্রেডিকশনের আয়োজন করেছে ও পুরষ্কার প্রদান করেছে এবং ফাইনাল ম্যাচে একটি ব্যতিক্রম আয়োজন করেছে, এমন উদ্যোগ সত্যিই আমাকে আনন্দিত করেছে। নাগরী নিউজের সম্পাদক স্বপন শিকদারকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

সোমবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের হোটেল সিলেট রিজেন্সীতে পদ্মা ট্রাভেলস-নাগরী নিউজ ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এ এইচ আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ মো. আব্দুল মজিদ, সাংবাদিক মাজিদ চৌধুরী, সাইদুর রহমান, নাগরী নিউজের ম্যানেজমেন্ট ইনচার্জ হুমায়ুন রশিদ মাহদী, নাগরী নিউজের অনলাইন ইনচার্জ মাহমুদ খানসহ আরও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।