প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ২২:০৭ (মঙ্গলবার)
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের প্রস্তাব

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দক্ষ বিদেশি কর্মীদের জন্য চালু থাকা এইচ-১বি (H-1B) ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলার নির্ধারণের সুপারিশও করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেটে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি পূরণ করা, মার্কিন নাগরিকদের পরিবর্তে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নয়।

এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি পেশাজীবীদের কাজের সুযোগ করে দিতে চালু করা হয়েছিল। তবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এই কর্মসূচিতে কড়াকড়ি বাড়তে শুরু করেছে।

প্রস্তাবিত বিলে আরও উল্লেখ করা হয়েছে-

এইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিত রাখা।
ভিসা আবেদন ফি ১ লাখ ডলার নির্ধারণ।
বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ৬৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার করা।
ন্যূনতম বার্ষিক বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা।
বর্তমান লটারির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা।
তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করা।
অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) কর্মসূচি বন্ধ করা।
এইচ-১বি থেকে স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) সুযোগ সীমিত করা।
এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ সীমিত করা।
আইনজীবীদের উদ্বেগ

অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং প্রযুক্তিসহ বিভিন্ন খাত বিদেশি দক্ষ কর্মী নিয়োগে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আদালতের রায়ের প্রেক্ষাপট

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানায়। এর ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল থাকে, যেখানে কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের ফি আরোপকে অবৈধ কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার সাধারণ এইচ-১বি ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়।

ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ প্রকৌশলী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও অন্যান্য পেশাজীবী নিয়োগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই কর্মসূচি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।