প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ২৩:০৫ (মঙ্গলবার)
থানায় জিডি করলেন শিক্ষিকা বিউটি রানী পাল

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে হেনস্তা ও সাইবার বুলিংয়ের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিও ভাইরালের ঘটনায় শিক্ষিকা বিউটি রানী পাল থানায় একটি জিডি করেছেন। জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’সহ কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে বিউটি রানী পাল অভিযোগ করেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক ক্যাপশন ব্যবহার করে তার ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রবাসী আসিফ ইকবাল ইরন তার ভিডিও ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিউটি রানী পালের ভাষ্য, ‘উনি আমার ভিডিও ডাউনলোড করে তার পত্রিকায় নিউজ করেছেন এবং ব্যক্তিগত ফেসবুক পেজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।’

সম্প্রতি একটি বাংলা গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা একটি রিল ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করার পর একটি গোষ্ঠীর সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

তবে এ ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বিউটি রানী পালের পাশে দাঁড়ান। অনেকে একই ধরনের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদ করেন।

সমালোচনার জবাবে বিউটি রানী পাল বলেন, ‘আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ—তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?’

তিনি আরও বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে শিক্ষকদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

ভিডিওটি কীভাবে তৈরি হয়েছিল- এ বিষয়ে বিউটি রানী পাল বলেন, তিনি রিল তৈরি করতে জানতেন না। এক সহকর্মীর সহযোগিতায় স্কুল ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রবাসী আসিফ ইকবাল ইরনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিউটি রানী পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন।