প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ১১:৪৬ (মঙ্গলবার)
সিলেটে একদিনে ২ লা/শ: নেপথ্যে খেলা-জমির আধিপত্য

সিলেটে একই দিনে পৃথক দুই সহিংস ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) নগরীর কাজিরবাজার এলাকা ও সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। দুটি ঘটনাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দক্ষিণ সুরমা ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র রিফাত আহমদ (১৫)।

রিফাত খাসদবির দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন এলাকার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে এবং দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। একই ঘটনায় রিফাতের সঙ্গে থাকা তার তিন সহপাঠী—রবিউল হাসান (১৬), সাব্বির (১৬) ও সামিউল (১৬) গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, ঘটনাস্থল দক্ষিণ সুরমা থানার অধীনে হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে একই দিন সন্ধ্যার পর সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন এক যুবক। নিহত মো. আব্দুল্লাহ (২৫) স্থানীয় ফারুক আহমদ বদুলার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব জানান, পূর্ববিরোধের জেরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।