প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ১৪:৫৩ (মঙ্গলবার)
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, সোমবার (২৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানার আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতরা অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজা।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। ট্রাফিক পুলিশের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং আরও ৬৯টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।