ছবি: সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং সিলেটকে ‘স্মার্ট ও সবুজ জ্বালানির শহর’ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন।
মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ মানববন্ধনে পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। তারা বলেন, সিলেটের সরকারি স্থাপনা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার যেমন বাড়বে, তেমনি বিদ্যুৎ ব্যয়ও কমবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার বিকাশ ঘটবে। তারা সিলেটকে দেশের প্রথম ‘সোলার সিটি’ এবং ‘স্মার্ট ও সবুজ জ্বালানির শহর’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সিলেটে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে নাগরিক কমিটির সদস্য, সোলার সিটিজেন ফোরামের প্রতিনিধি এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।