প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ১৯:১৫ (মঙ্গলবার)
চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিপুলসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে ভোট গ্রহণ করা হবে।

তিনি জানান, নির্বাচন শুরু হওয়ার পর দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরুর বিষয়ে সরকারের প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে।