প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ১৯:৪৭ (মঙ্গলবার)
সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক ওয়্যারহাউজ নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন ও চলমান থাকলেও বিমানবন্দরটির পূর্ণ সম্ভাবনা এতদিন কাজে লাগানো সম্ভব হয়নি। তবে সেই চিত্র বদলাতে যাচ্ছে।

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ নাগাদ একাধিক বিদেশি এয়ারলাইন্স সরাসরি সিলেট থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের সরাসরি বিমান যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি ভবিষ্যতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও ইতিবাচক হলে সিলেটের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলোর সঙ্গেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, আধুনিক কার্গো ওয়্যারহাউজ নির্মাণ এবং নতুন টার্মিনাল ভবন নির্মাণসহ কয়েক হাজার কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক অবকাঠামো থাকা সত্ত্বেও বর্তমানে কোনো বিদেশি এয়ারলাইন্স এখান থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আগামী আগস্ট মাসে ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে দুবাইভিত্তিক ফ্লাই দুবাই। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে এ রুটের ফ্লাইট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্লাই দুবাই আবারও সিলেটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় সংসদে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দেওয়া হবে। ট্রাভেল খাতসংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ দিকে আবারও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালু হতে পারে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার আরাবিয়াও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে তাদের ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।

এদিকে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন্স সালাম এয়ার আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এই ফ্লাইট চালু হলে তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এ উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ম্যানচেস্টার থেকে আগত যাত্রীদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে সরকার কাজ করছে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক পর্যায়ে পৌঁছালে সিলেট-গুয়াহাটি রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এতে আন্তঃদেশীয় যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে।