ছবি: সংগৃহীত
সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় হাসপাতালের কনফারেন্স রুমে সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের আমন্ত্রণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রশাসকের হাসপাতাল পরিদর্শন এবং স্বাস্থ্যসেবা খাতে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাউন্ট এডোরা হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্যসেবার মান অক্ষুণ্ন রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের উন্নয়ন ও সেবা কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান বলেন, সিলেট সিটি কর্পোরেশন ও মাউন্ট এডোরা হাসপাতালের যৌথ উদ্যোগে এ অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেটের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্বাস্থ্যখাতসহ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রশাসককে ধন্যবাদ জানান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. শাহেদ আহমদ ডা. নাজমুস সাকিব এবং হাসপাতাল ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মতিউর রহমান প্রাথমিক স্বাস্থ্যসেবায় সিলেট সিটি কর্পোরেশনের অবদানের জন্য প্রশাসকের প্রতি হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান।
সভায় সিলেটের চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।