প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ২১:৫৬ (মঙ্গলবার)
হবিগঞ্জে উত্তেজনা: এনসিপি নেতাদের বহরে হামলা, সংঘর্ষে আহত অন্তত ১৫

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়িবহরে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের টাউন হল এলাকায় এনসিপির একটি রাজনৈতিক সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল বলে জানা যায়।

সমাবেশ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পৃথক গাড়িতে সার্কিট হাউসের দিকে রওনা দিলে স্টাফ কোয়ার্টার এলাকায় তাদের বহরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় গাড়িগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি দ্রুত সার্কিট হাউসের দিকে চলে যায়।

অন্যদিকে সারজিস আলমের গাড়ি ধাওয়ার মুখে শহরের সোনালী ব্যাংক ভবনের সামনে থামে। পরে তিনি নিরাপত্তার স্বার্থে ব্যাংকের ভেতরে অবস্থান নেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাতের দিকে পুলিশ সারজিস আলমকে নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

এদিকে ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে এনসিপি ও ছাত্রদল। এনসিপি নেতারা পরিকল্পিত হামলার অভিযোগ তুললেও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পূর্বের কিছু বক্তব্যকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।