প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ ২২:২৬ (বুধবার)
পাশে দাঁড়ানো সাংবাদিক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ বিউটি পাল

ছবি: ইমজা নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এবং পরবর্তীতে ব্যাপক আলোচনায় আসার ঘটনায় সাংবাদিকদের প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা বিউটি রানী পাল। বরং তাকে নিয়ে সংবাদ প্রকাশ, সত্য তুলে ধরা এবং কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিক সমাজ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটুইইটাকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমজা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান বিউটি রানী পাল।

তিনি বলেন, ‘একজন সাংবাদিক ভাই আমার বিষয়টি তুলে ধরেছিলেন, যার কারণে এটি ভাইরাল হয়। এরপর অসংখ্য সাংবাদিক ভাই-বোন আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সাহস দিয়েছেন। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

দেশবাসীর ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে বিউটি রানী পাল বলেন, ‘মানুষ যে এত ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়াবেন, তা আমি কখনো ভাবিনি। দেশবাসীর এই ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’

ঘটনার শুরুর সময় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমি খুবই আপসেট ছিলাম। বিষয়টি আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু পরে যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, প্রশাসনসহ সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তখন আমি সাহস পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সহমর্মিতা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। মানুষের ভালোবাসা আমাকে নতুন করে শক্তি দিয়েছে।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা বিউটি রানী পাল ব্যাপক আলোচনায় আসেন। পরে অনলাইনে হয়রানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ এনে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল তার পাশে দাঁড়ায়।