ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে আদালতের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, মামলায় একজন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামি আগে থেকেই কারাগারে থাকায় তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামির নাম আবুল খায়ের সজল। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগের একজন কর্মী।
সোমবার অন্য একটি মামলায় হাজিরা দিতে আদালতে এলে স্লোগান দেওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাহিরপুর উপজেলায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা কৃষক লীগের সহসভাপতি জিল্লুর আখঞ্জি সোমবার সকাল ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।