প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ ০১:০৪ (শুক্রবার)
৩ অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে  ব্রাজিল

ছবি: সংগৃহীত

স্মৃতির ভাঁজে জমে থাকা শৈশব, গ্যালারির গর্জনে মিশে থাকা আবেগ, আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক অনন্ত ভালোবাসার নাম ফুটবল। সেই ভালোবাসারই এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে ভারতের মাটিতে। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সফরসূচি নিশ্চিত করে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ শেষ করে তাদের পরবর্তী গন্তব্য হবে ভারত। বার্তায় তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়া থেকে ভারত, ব্রাজিলের সফর চলতেই থাকবে। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। সেখানে আমরা আমাদের ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় লিখব।’

হলুদ জার্সির দলটি আরও জানিয়েছে, ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামবে তারা। সেই সঙ্গে ভারতের ফুটবলপ্রেমীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিবিএফ বলেছে, “প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলের ফুটবলের ইতিহাসকে গভীর আবেগ দিয়ে অনুসরণ করে আসা ভারতের অনুরাগী ফুটবলপ্রেমীদের সঙ্গে এক বিশেষ মিলনমেলা হবে। লাখ লাখ ভারতীয় ভক্তের সঙ্গে সেই মুহূর্ত উদযাপনের জন্য আমরা রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। কলকাতায় দেখা হবে।”

কলকাতাকে বহুদিন ধরেই বলা হয় ভারতের ফুটবলের রাজধানী। এই শহরের অলিগলিতে ফুটবল শুধু খেলা নয়, এক ধরনের সংস্কৃতি। বর্ষার ভেজা বিকেলে কাদামাখা মাঠ থেকে শুরু করে গ্যালারির উন্মাতাল স্লোগান সবখানেই ছড়িয়ে থাকে বলের, প্রতি এক অমলিন প্রেম। সেই শহরেই এবার পা রাখতে যাচ্ছে সাম্বার দেশ ব্রাজিল। যেন দুই ভিন্ন ভূখণ্ডের আবেগ এক সুতোয় বাঁধা পড়বে সবুজ ঘাসের ওপর।

৩ অক্টোবর তাই শুধু একটি প্রদর্শনী ম্যাচের দিন নয়; এটি হবে আবেগের উৎসব, স্বপ্নের সঙ্গে বাস্তবের হাত মেলানোর দিন। যে ব্রাজিলকে এতদিন ভারতীয় সমর্থকেরা টেলিভিশনের পর্দায় দেখেছেন, সেই দলকে এবার চোখের সামনে দেখার অপেক্ষায় থাকবে লাখো হৃদয়। আর সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি হয়তো সেদিন আবারও প্রমাণ করবে; ফুটবলের ভাষা আলাদা হলেও, তার অনুভূতি সারা পৃথিবীতেই এক।