প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬ ২১:০৩ (রবিবার)
প্রাথমিকে নিয়োগপ্রাপ্তদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান আগামী অক্টোবর মাসে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে যোগদান বিলম্বিত হয়েছে।

তিনি বলেন, ‘আশা করছি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।’

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি হবে বলে আশা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।