প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬ ২১:৩০ (রবিবার)
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্কতা: জর্ডান ছাড়ার পরামর্শ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অবিলম্বে এই অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে এবং চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো যেকোনো সময় মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানাতে পারে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ও পরিবর্তনশীল। এই সতর্কবার্তায় নাগরিকদের ফ্লাইট বাতিল, দীর্ঘস্থায়ী আকাশসীমা বন্ধ হওয়া এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন ঘটার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থান করছেন, তাদের এই অঞ্চলে আসার পরিকল্পনা কঠোরভাবে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। বিশেষ করে জর্ডানের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে মার্কিন নাগরিকদের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। সিবিএস নিউজের তথ্যমতে, ওয়াশিংটন এই সপ্তাহে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, কুয়েত তাদের ভূখণ্ডে ধেয়ে আসা ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে এবং হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকার রহস্যময় হামলার শিকার হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের নিজ নিজ দেশের দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।