প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ ১৩:১০ (সোমবার)
সিলেট সীমান্তে ২ দিনে দেড় কোটি টাকার বেশি চো/রাচালান জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযানে দুই দিনে দেড় কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (০২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, প্রসাধনী সামগ্রী, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় দেশীয় রসুন জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

এর আগের দিন শনিবার (০১ আগস্ট) একই ব্যাটালিয়নের পৃথক অভিযানে বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ক্রীম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি ও বারকি নৌকাও আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

দুই দিনের অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার বেশি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।