প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ ১৩:৫৪ (সোমবার)
হঠাৎ সিলেটে পুলিশের বিশেষ সতর্কতা

পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কায় সিলেটসহ দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সব ইউনিটকে যানবাহনের নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে রেখে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই যানবাহন অরক্ষিত বা নজরদারিবিহীন অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, ইউনিট কার্যালয় ও অফিস কম্পাউন্ডে রাখা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বার্তায় বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি থাকার আশঙ্কা রয়েছে। সেই প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।’