সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান-সংলগ্ন প্রায় ২০০ শতক আয়তনের ঐতিহাসিক পুকুর উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
দীর্ঘদিনের অবহেলা, কচুরিপানা, আগাছা ও ময়লা-আবর্জনায় জলাশয়টি পরিবেশের জন্য হুমকিতে পরিণত হয়েছিল।
আজ রোববার অভিযান পরিদর্শন করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরের পরিত্যক্ত জলাশয়গুলো উদ্ধার করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ চলছে। উদ্ধার শেষে পুকুরটির চারপাশে ওয়াকওয়ে ও সুরক্ষা রেলিং নির্মাণ করা হবে, যাতে নগরবাসী বিনোদন ও নির্মল পরিবেশ উপভোগ করতে পারেন। তিনি জলাশয় রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইমজা / কেএম