প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ ২১:৫৬ (সোমবার)
আগস্টে সিলেটসহ দেশজুড়ে বৃষ্টি ও বন্যার আভাস

ছবি: সংগৃহীত

আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভারতের উজান এলাকায় ভারী বর্ষণের ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও সিলেটে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হতে পারে নিচু এলাকা।

শনিবার (৩ আগস্ট) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগস্টের দ্বিতীয় ও শেষ সপ্তাহে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। যদিও এ মাসে বড় কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আগস্টের প্রথম সপ্তাহে বিশেষ করে ১ থেকে ৮ তারিখ পর্যন্ত সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দ্বিতীয় সপ্তাহে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এসময় পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

মাসের মাঝামাঝি সময়ে সিলেট ও ময়মনসিংহসহ দেশের প্রধান নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে।

মাসের শেষ দিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও ভৌগোলিক অবস্থানের কারণে আগস্ট মাসে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অন্য সময়ের চেয়ে বেশি থাকবে।