ছবি: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন ১৪ দেশের মেরিটাইম জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত স্তরে উন্নীত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জোটে অংশগ্রহণের এই কারণ ব্যাখ্যা করেন।
উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আর কেবল হজ বা ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ঢাকা ও রিয়াদ এখন দীর্ঘমেয়াদী এবং মজবুত কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে।
তিনি উল্লেখ করেন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের যেকোনো নিরাপত্তা সংকটে নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সাড়া দেওয়া বাংলাদেশের দায়িত্ব। মূলত বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং হুতিদের সম্ভাব্য হুমকি প্রতিহত করতেই বাংলাদেশ এই বহুজাতিক জোটে যুক্ত হয়েছে।
জোটে বাংলাদেশের ভূমিকার ধরণ কেমন হবে এবং সৈন্য পাঠানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন যে, এটি মূলত হুতিদের কর্মকাণ্ড মোকাবিলার একটি সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের সামর্থ্য ও বিদ্যমান সংস্থান অনুযায়ী এই জোটে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তবে তিনি আশ্বস্ত করেন যে, এই উদ্যোগ ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নয়; বরং বাংলাদেশ এই বিষয়ে ইরানের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। মূলত বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তা এবং ভাতৃপ্রতিম রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিই এই অংশগ্রহণের মূল লক্ষ্য।