প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ ১৩:০৭ (মঙ্গলবার)
সিলেটে ডেঙ্গুতে চলতি মৌসুমের প্রথম মৃ/ত্যু

ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট। গত ২৪ ঘণ্টায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আফিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

সোমবার এই তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নতুন রোগী শনাক্ত হয়েছে।

জেলাওয়ারি হিসাবে চলতি বছরে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সিলেট বিভাগে এটিই চলতি বছরের প্রথম মৃত্যু। রোববার পর্যন্ত বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৯ জন এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা ১১১ এবং মৃতের সংখ্যা একজনে দাঁড়িয়েছে।

ইমজা / কেএম