প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ ১৯:৪০ (মঙ্গলবার)
পুলিশের বিভিন্ন ইউনিটে ৮ কর্মকর্তার বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেট ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, যিনি বর্তমানে নৌ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশপ্রাপ্ত, তাকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলায়, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মণকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১৮ আগস্ট তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।