ছবি: সিসিক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, সিলেট মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, সাইবার অপরাধ ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সিলেটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেট একটি পবিত্র নগরী। এর আগে এখানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় নগরীর মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তিনি সিলেটবাসীকে শান্তিপ্রিয় ও পরোপকারী উল্লেখ করে জননিরাপত্তা নিশ্চিত এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সাংবাদিকরা যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাই-চুরি ও সাইবার অপরাধ দমন, টহল ও বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার দাবি জানান। পাশাপাশি অবৈধ আবাসিক হোটেল, অনলাইন জুয়া ও হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, থানাগুলোকে আরও জনবান্ধব করা, জিডি ও মামলায় হয়রানি বন্ধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি আনা এবং রাতের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। এছাড়া মাদক চোরাচালান রোধ, মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং নম্বরপ্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারি বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
জবাবে পুলিশ কমিশনার বলেন, পুলিশের চলমান কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। থানাগুলোকে জনবান্ধব করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে জিডি ও মামলা সংক্রান্ত সেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমে। পাশাপাশি রাতের টহল, চেকপোস্ট, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা ও পারস্পরিক আস্থার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগর গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন, মো. রিয়াজুল কবির, সুদীপ্ত রায় ও মো. আফজাল হোসেনসহ সিলেটের বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।