প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ ১৫:১৪ (বুধবার)
সিলেটে ডিবির জালে ৫ হাজার ই/য়া/বাসহ ২ কারবারি

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মাহবুবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্থ ইউনিয়নের ছাল্লাইন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৪ হাজার পিস ইয়াবাসহ ছাল্লাইন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।