ছবি: সংগৃহীত
দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল অংশগ্রহণ এবং ভাষণ দেওয়ার খবর নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এমনকি ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে, সেগুলোও সরকার অনুমোদন বা সমর্থন করে না।’
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণের বিষয়টি প্রকাশ্যে এলে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কার্যক্রম দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের বৈঠকেও এই উদ্বেগের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে, বেসরকারি পর্যায়ের কোনো আয়োজনে শেখ হাসিনার অংশগ্রহণের দায়ভার দিল্লি প্রশাসনের নয়।