প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ ২০:৪৯ (বৃহস্পতিবার)
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। 

কর্মসূচির অংশ হিসেবে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে বক্তব্য দেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মুয়াজ্জেয় হোসেন মাতুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মো. ইয়ামির আলী, জুলাই যোদ্ধা শাহ মিসবা, মো. মিজানুর রহমান এবং কাজী মঞ্জুর আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ এবং আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

 পরে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি অংশ নেন। 

মৌলভীবাজার জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মর্যাদাপূর্ণ পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।