ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই-২০২৬’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪:০০টায় নগরীর চৌহাট্টা শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।
ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় এবং মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে শরিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল যে নৈরাজ্য সৃষ্টি করছে, তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছাত্রলীগকেও ছাড়িয়ে গেছে। ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা চালাচ্ছে। জুলাই আন্দোলনের কর্মী ও সমর্থকদের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে আক্রমণের ঘটনাও ঘটছে।’
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম সাজু বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নির্বাচিত ছাত্র সংসদের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে এর রাজনৈতিক পরিণতি সরকারকেই বহন করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আদিলুর রহমান এবং সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।