সিলেটে চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বদরুল ইসলাম চৌধুরী।
রায়ে আসামি জাকির হোসেনের দুই ভাই জয়নাল অবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
পাবলিক প্রসিকিউটর বদরুল ইসলাম চৌধুরী জানান, মামলার প্রধান আসামি ছিলেন জাকির হোসেন। অপর দুই আসামি ছিলেন তার ভাই জয়নাল অবেদিন ও মো. আবুল কালাম। আদালত জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫ লাখ টাকা জরিমানা করেন। রায়ে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদনের পর এই দণ্ড কার্যকর হবে।
তিনি আরও বলেন, জাকির হোসেনের দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয়। পরে ধরা পড়ার ভয়ে লাশ সুটকেসে করে দুই দিন নিজ ঘরে লুকিয়ে রেখে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর তাকে ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই থেকে বিচার কার্যক্রম শুরু হয়।
প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।