প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ ১৯:৩৪ (শুক্রবার)
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লংমার্চ অনুষ্ঠিত হবে। জনগণের দাবি আদায়ের এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছাবে।’

তিনি আরও জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর আন্দোলনের মুখে পড়বে।

তিনি বলেন, ‘গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের দাম বাড়িয়েছে। একইভাবে কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। বরং নিত্যপণ্যের দাম আরও বেড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকারও বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি বলেও দাবি করেন তিনি।