ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় আরও কঠোর নীতি কার্যকর করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য প্রয়োজনীয় সব নথি ও যোগ্যতার প্রমাণ দাখিল করতে হবে। তা না হলে অতিরিক্ত তথ্য চেয়ে নোটিশ না দিয়েই আবেদন বাতিল করা হতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস)।
ইউএসসিআইএস জানিয়েছে, আবেদনকারীরা যদি প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ জমা দিতে ব্যর্থ হন, তাহলে সংস্থাটি রিকোয়েস্ট ফর এভিডেন্স (RFE) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (NOID) জারি না করেই আবেদন প্রত্যাখ্যান করতে পারবে।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনপত্র ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ থাকে। ফলে আবেদনকারীদের শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।
ইউএসসিআইএসের মতে, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা আরও জোরদার হবে এবং ভিত্তিহীন বা অসম্পূর্ণ আবেদন জমা দেওয়া নিরুৎসাহিত হবে।