ছবি: সংগৃহীত
সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, নগরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিতে গিয়ে সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনার নান্দনিকতা ক্ষুণ্ন করা হয়েছে।
প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ সিলেটের অন্যতম পরিচিত প্রতীক। তবে গত এক সপ্তাহ ধরে ব্রিজটির উত্তর পাশের বাঁ দিকের নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজের একটি অংশ আড়ালে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে উঁচু পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত ‘আই লাভ সিলেট’ সাইনেজের নির্মাণকাজ শেষ পর্যায়ে। এতে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও গ্রামীণফোনের লোগো সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমালোচনা করছেন। নাট্যকর্মী ডিএক্সএন মাসুম খান ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহ্যবাহী ব্রিজ ঢেকে এই বিশ্রী জিনিস স্থাপনের আগে একবারও কি কারও মতামত নেওয়া দরকার ছিল না?’
লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয় লিখেছেন, কিনব্রিজ সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু নতুন সাইনেজ স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনার সমন্বয়ের অভাব স্পষ্ট। তাঁর মতে, সাইনেজটি এমন স্থানে বসানো উচিত ছিল, যাতে ছবি তুললে একই সঙ্গে কিনব্রিজ ও সাইনেজ- দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্যও অক্ষুণ্ন থাকত, আবার পর্যটনবান্ধব উদ্যোগের লক্ষ্যও পূরণ হতো।
এ বিষয়ে সিটি করপোরেশন জানায়, নগরের সৌন্দর্যবর্ধন এবং পর্যটকদের ছবি তোলার জন্য একটি আকর্ষণীয় স্থান তৈরি করতেই সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। এ জন্য সিটি করপোরেশন শুধু স্থান ব্যবহারের অনুমতি দিয়েছে। নির্মাণ ব্যয় ও তত্ত্বাবধান করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ প্রকল্প থেকে সিটি করপোরেশন কোনো অর্থ গ্রহণ করেনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরের পরিবেশ, প্রতিবেশ ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। নগরবাসীর মতামত ও প্রত্যাশাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিনব্রিজের সৌন্দর্য যাতে কোনোভাবেই আড়াল না হয়, তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে সাইনেজের অবস্থানও পরিবর্তন করা হবে।