ছবি: সংগৃহীত
আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হলেও ৯ আগস্টের পর থেকে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, এরপর সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। আবহাওয়াবিদদের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুম হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিন দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হবে। তবে ৯ আগস্টের পর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। ফলে চলতি মৌসুমে উল্লেখযোগ্য হারে ভারি বর্ষণের সম্ভাবনা কম।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
শনিবার সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এছাড়া রোববার ও সোমবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।