প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ ১৯:৫৪ (রবিবার)
ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য হিসেবে রাখা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, গেলো শুক্রবার সকালে কাশিকাপুর এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও দুইজন মারা যান। দুর্ঘটনায় মোট ১৬ জন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে আহতদের ১০ হাজার টাকা এবং নিহতদের দাফন-কাফনের জন্য পরিবার প্রতি ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন একজনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক আরও জানান, দুর্ঘটনার সময় মহাসড়ক ফাঁকা ছিল। প্রাথমিকভাবে চালকের বেপরোয়া গতি বা তন্দ্রাচ্ছন্ন হওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্ত প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার সকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।