ছবি: সংগৃহীত
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটের মধ্যে অবস্থান মজবুত করে হাশমতুল্লাহ শাহিদিরা সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন।
বুধবার বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি পরিত্যক্ত হলেও, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ হাসি হাসে আফগানরা। এই জয়ের ফলে র্যাংকিংয়ের সমীকরণ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের সময়সীমার আগেই তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া র্যাংকিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। বর্তমানে র্যাংকিংয়ের ৮ নম্বরে থাকা আফগানিস্তান ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৯ নম্বরের নিচে নামার কোনো সম্ভাবনা না থাকায় তাদের অংশগ্রহণ এখন আনুষ্ঠানিক।
অন্যদিকে, র্যাংকিংয়ের ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে শীর্ষ দশে ঢোকা অসম্ভব হয়ে পড়েছে, ফলে তাদের খেলতে হবে বাছাইপর্ব।
ইতিমধ্যেই আয়োজক দেশ দুটি বাদে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। অর্থাৎ, ১০টি নির্ধারিত স্থানের মধ্যে ৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে আর মাত্র একটি সরাসরি স্পট। এই একটি জায়গার দখল নিতে এখন লড়াই চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
বর্তমানে বাংলাদেশ র্যাংকিংয়ের ৯ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ ১০ নম্বরে অবস্থান করছে। ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে এই দুই দলের পারফরম্যান্সই নির্ধারণ করবে শেষ দলটি হিসেবে কারা সরাসরি বিশ্বকাপে যাচ্ছে।