প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ ২২:০৫ (রবিবার)

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তাদের মননে সিলেটের ঐতিহ্য ধারণ করাতে পারলে আগামীতে তারা দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারবে।

সামাজিক সংগঠন 'কালারফুল সিলেট'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতা-২০২৬'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার (৮ আগস্ট) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর শারদা হলে দিনব্যাপী এ প্রতিযোগিতায় শতাধিক খুদে শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক সংগঠন কালারফুল সিলেট।

সংগঠনের সদস্য ফারিহা জাহান রিফার সঞ্চালনায় এবং সিলেট হেরিটেজ রানের ডাইরেক্টর আজাদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সাল আহমদ এবং গীতাপাঠ করেন কল্লোল চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সদস্য সচিব অমিত হাসান মাহী।

বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন আমিন উদ্দিন আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সভাপতি শাহরুল আলম, সংগঠনের সদস্য নাহিদ আহমেদ, নাজির উদ্দিন, সায়েম রাজা, রাহুল আহমেদ ও ইমা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।