সিলেটসহ সারাদেশে আগামীকাল সোমবার একযোগে প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা ঘরে বসেই মুঠোফোনের মাধ্যমে সহজে ফল জানতে পারবেন।
মোবাইল ফোনের যেকোনো সিম ব্যবহার করে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং শেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাট হবে:
SSC DHA ROLL YEAR
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য:
SSC MAD ROLL YEAR
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য:
SSC TEC ROLL YEAR
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া অনলাইনের মাধ্যমেও ফল জানা যাবে। পরীক্ষার্থীরা eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে।
সারা দেশে একযোগে ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটবে।