রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ক্ষমতাসীন বিএনপি দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।
রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদকে চূড়ান্ত করা হয়েছে। এ সময় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।