প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ ১৫:৪৮ (সোমবার)
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় ডন গ্রেফ/তার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডন-কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করে। পরে সিআইডি-এর একটি দল এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। বর্তমানে সিআইডিতে এ সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ প্রদান করেন।

পুরোনো নথি অনুযায়ী, একাধিক তদন্ত সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে এ মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদনে উল্লেখ করে, সালমান শাহর মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা এ মতামত প্রত্যাখ্যান করে আসছেন।

পরবর্তীতে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নতুন করে তদন্ত করছে সিআইডি।