প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ ২১:৩৮ (সোমবার)
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সাত দিনের স্লট একদিনে না ছেড়ে একসঙ্গে ১৫ দিনের স্লট দেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ‘‘যা করা প্রয়োজন মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খুলতো। রোগীদের অনেক অসুবিধা হতো। সেটাকে আমরা এক সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটাকে আমি ১৫ দিন করেছি।’’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে যে, যারা ভিসার আবেদন করছেন, তাদের ন্যূনতম সমস্যা না হয়। এটাই আমাদের অগ্রাধিকার।’

হাইকমিশন সূত্রে জানা গেছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ভিসার আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আগের তুলনায় ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।