ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (৯ আগস্ট) বিকেলে সারি-৩ নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি বারকি নৌকা জব্দ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সারি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে নদীতে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত নৌকাটি যাতে পুনরায় কোনো অবৈধ কাজে ব্যবহার করা না যায়, সেজন্য স্থানীয় লোকজনের সহায়তায় সেটিকে বিকল করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, ‘অভিযানে একটি বারকি নৌকা জব্দ করে তা বিকল করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’