প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ ২১:৪৫ (মঙ্গলবার)
সিলেটসহ দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিক্যাল চেকআপ সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে। নতুন এ নিয়ম ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর হবে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে দুই বছরের লাইসেন্স ফি ও প্রযোজ্য ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ওয়েবসাইটে আবেদন করতে হবে।

নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশ ছাড়পত্র অবশ্যই গ্রহণ করতে হবে।

কোনো প্রতিষ্ঠান নারকোটিক দ্রব্য ব্যবহার করতে চাইলে লাইসেন্স পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নারকোটিক লাইসেন্স নিতে হবে। পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্সের বিষয়টি তদারকি করবে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

পরিদর্শনের সময় কোনো অনিয়ম বা নির্দেশনার ব্যত্যয় ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

নতুন ব্যবস্থায় লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়মিত তদারকি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।