প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ১১:৫১ (মঙ্গলবার)
সিলেটের হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃ/ত্যু ১, নতুন শনাক্ত ২৪

সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ১২৮ জনের।

মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

মারা যাওয়া শিশুটির বয়স ৭ মাস। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন সন্দেহভাজন রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটে ২৮৭ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং হবিগঞ্জে ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ২৯৪ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে- মোট ১২২ জন। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। এ হিসাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুনামগঞ্জ জেলায় হাম সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। চলমান পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারসহ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।