প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ১৪:৫৬ (মঙ্গলবার)
মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে আত/ঙ্কে সাগরে ঝাঁপ, ৭ ঘণ্টা পর উদ্ধার বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার পহাং রাজ্যের তানজুং লুমপুর এলাকায় অভিবাসন বিভাগের অভিযানের সময় আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দেওয়া এক বাংলাদেশি শ্রমিককে প্রায় সাত ঘণ্টা পর নিরাপদে উদ্ধার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওই শ্রমিক দীর্ঘসময় সাঁতরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেন এবং কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করার পর বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কর্মীদের আবাসনে ফিরে আসেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানজুং লুমপুরের একটি নির্মাণস্থলে অভিবাসন বিভাগের পরিদর্শন চলাকালে এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে ওই শ্রমিক সাগরে ঝাঁপ দেন।

ঘটনার পরপরই তাকে সাগরে ডুবে নিখোঁজ হওয়ার আশঙ্কায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জনের বেশি সদস্য, ডুবুরি দল, ড্রোন ইউনিট, পুলিশ এবং সিভিল ডিফেন্স বাহিনী অংশ নেয়।

তামান তাস ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মোহাম্মদ হিলমি কাশফি মাত জালি জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে অভিবাসন বিভাগের কাছ থেকে এক বিদেশি নাগরিক সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেখানে নৌযান ও ড্রোনের মাধ্যমে তল্লাশি চালানো হয়। পাশাপাশি ডুবুরি দল সাগরে এবং অপর একটি দল তীরবর্তী এলাকায় অনুসন্ধান চালায়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণস্থলের এক সুপারভাইজার জানান, নিখোঁজ শ্রমিকটি নিরাপদে কর্মীদের আবাসনে ফিরে এসেছেন। পরে পুলিশ যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়।

উদ্ধারকর্মীদের কাছে ওই শ্রমিক জানান, অভিবাসন বিভাগের বিপুলসংখ্যক সদস্য দেখে ভয় পেয়ে তিনি সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তবে তার সুপারভাইজার নিশ্চিত করেছেন, শ্রমিকটির বৈধ ভ্রমণ ও কর্মানুমতি রয়েছে।