প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ১৫:২৬ (মঙ্গলবার)
সাকিব ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে কি না—এ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তোলেন উপদেষ্টা। তিনি বলেন, “সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় তিনি নিরাপত্তাহীন থাকবেন?”

এ সময় তিনি আরও বলেন, “সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন; কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। তিনি ফালতু কথা বলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তিনি এখনো হাসিনার সঙ্গে যুক্ত।”

ডা. জাহেদ উর রহমান বলেন, “তিনি বিমানবন্দরে নামলে কেউ কি তাকে আক্রমণ করবে? তিনি আইনগত বিষয় মোকাবিলা করে দেশে এলে কোনো সমস্যা দেখি না। তিনি হাসিনার চেয়ে বড় অপরাধী নন।”

এ সময় তিনি আরও বলেন, “হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না।”

সাকিবের সাম্প্রতিক বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “যে ব্যক্তি এখনো হাসিনার সঙ্গে যুক্ত, সে এ ধরনের কথা বলবেই। আমরা এসব নিয়ে চিন্তিত নই।”