প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ২০:০০ (বুধবার)
সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করতে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়মিত ড্রিল ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ সময় তিনি পুলিশ সদস্যদের পোষাক-পরিচ্ছদ, টার্ন আউট ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারী পুলিশ সদস্যদের বিধি অনুযায়ী জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন পুলিশ সুপার।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে পুলিশ সুপারের সভাপতিত্বে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তারা, সব থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।