ছবি: কমরেড প্রভাংশু চৌধুরী।
মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ কমরেড প্রভাংশু চৌধুরী আর নেই।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।
প্রভাংশু চৌধুরী সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাউধেরশ্রী গ্রামের কৃতি সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের কল্যাণ, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।
১৯৭২ সালে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জনসেবায় আত্মনিয়োগ করেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস ও সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস।
এক শোকবার্তায় তারা প্রয়াত কমরেড প্রভাংশু চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।