ছবি: সংগৃহীত
অসুস্থতার সময়ে স্বামী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে ফের আলোচনায় এসেছেন তাঁর স্ত্রী ও দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন আনোয়ার।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘প্রতিটি পরিস্থিতিতে পাশে থাকা সঙ্গী। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ, আজিজাহ।’ সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও দেন তিনি।
ছবিতে দেখা যায়, হাসপাতালের কক্ষে চিকিৎসাধীন আনোয়ার ইব্রাহিমের পাশে বসে আছেন ওয়ান আজিজাহ। তিনি স্বামীর হাত ধরে আছেন। দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্প্রতি পেটের হার্নিয়ার চিকিৎসায় ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করিয়েছেন আনোয়ার ইব্রাহিম। সোমবার (১০ আগস্ট) তাঁর প্যারা-আমবিলিক্যাল হার্নিয়ার জন্য নির্ধারিত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অস্ত্রোপচারের পর হাসপাতালের কক্ষে স্ত্রীকে পাশে পাওয়ার বিষয়টিই নিজের পোস্টে তুলে ধরেছেন আনোয়ার। সংক্ষিপ্ত বার্তায় দীর্ঘ দাম্পত্য জীবনে স্ত্রীর অবিচল সঙ্গ ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম ও ওয়ান আজিজাহর দাম্পত্য জীবন প্রায় ৪৬ বছরের। দীর্ঘ এই পথচলায় রাজনৈতিক উত্থান-পতন, ব্যক্তিগত ও পারিবারিক নানা কঠিন সময় তারা একসঙ্গে পার করেছেন। আনোয়ারের দীর্ঘ রাজনৈতিক জীবনে ওয়ান আজিজাহ গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে ছিলেন। মালয়েশিয়ার রাজনীতিতেও তাঁর রয়েছে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ভূমিকা; তিনি দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
এর আগে রাজনৈতিক জীবনের কঠিন সময়ে স্ত্রী আজিজাহ ও পরিবারের ত্যাগের কথা একাধিকবার স্মরণ করেছেন আনোয়ার। ২০২৩ সালে তাঁর জীবনভিত্তিক চলচ্চিত্র আনোয়ার: দ্য আনটোল্ড স্টোরি নিয়ে কথা বলার সময়ও তিনি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়গুলোতে আজিজাহ, সন্তান ও ঘনিষ্ঠজনদের ত্যাগের কথা তুলে ধরেছিলেন।
এদিকে, গত ১০ আগস্ট ৭৯তম জন্মদিন পালন করেন আনোয়ার ইব্রাহিম। জন্মদিনের পরদিনই স্ত্রীকে পাশে নিয়ে হাসপাতালের ছবি প্রকাশ করায় পোস্টটি আরও বেশি মানুষের নজর কাড়ে।
চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ারের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক পুনর্বাসন ও সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, আনোয়ার ইব্রাহিমের জন্ম ১৯৪৭ সালের ১০ আগস্ট। ২০২২ সালের নভেম্বরে তিনি মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে ‘জাতির মূল্যবান বন্ধু’ হিসেবে অভিহিত করে শুভকামনা জানান বাংলাদেশের সরকারপ্রধান।
তারেক রহমান বলেন, আনোয়ার ইব্রাহিম যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এটাই তাঁর প্রার্থনা। মহান আল্লাহ যেন তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দেন। একই সঙ্গে আনোয়ার ইব্রাহিমের প্রতি নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভকামনা জানান তিনি।
উল্লেখ্য, তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জুনে সরকারি সফরে মালয়েশিয়া গিয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। ওই সফরে দুই দেশের শ্রমবাজার, বাংলাদেশি কর্মীদের নিয়োগ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততার বাইরে অসুস্থ স্বামীর পাশে ওয়ান আজিজাহর উপস্থিতি এবং স্ত্রীর প্রতি আনোয়ারের কৃতজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানবিক মুহূর্তের জন্ম দিয়েছে। ছবিটি এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে।